গোপালগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কৌশিক আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুভেন ওয়াহীদ এবং জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিচুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার অনিমেষ কুমার বসু, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, ইউপি চেয়ারম্যান জাফর হোসেন কালু, এস এম হাবিবুর রহমান, কামরুল ইসলাম বাবুল, ধলু মিনাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাবৃন্দ, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মতবিনিময় সভায় উপস্থিত কয়েকজন বক্তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট প্রদান ও বাড়ি ফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে আশ্বস্ত করে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন,
“৫ আগস্টের পর গোপালগঞ্জে উল্লেখযোগ্য তিনটি ঘটনা ছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক ভালো। তবে কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। কেউ কোনো অনিয়ম বা অপরাধ দেখলে আইন নিজের হাতে না তুলে নিয়ে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”
তিনি আরও বলেন,
“গোপালগঞ্জ জেলায় মোট ৩৯৭টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে অন্যান্য সময়ের তুলনায় দ্বিগুণ পুলিশ, আনসার ও সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।”
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আরিফ-উজ-জামান বলেন,
“ভোট প্রদান করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের সময় যেন কোনো বিভেদ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি।”