ফরিদপুর-১ ( আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালি ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, আমি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না। হিন্দু-মুসলিম আমরা সবাই মিলেমিশে থাকব। গত বছর দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপে দিন-রাত পাহারা দিয়েছে।
আমি জীবিত থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। সমান সুযোগ-সুবিধা পাবে। এটাই গণতন্ত্র ও বিএনপির আদর্শ।
আজ সোমবার (২৬ জানুয়ারি) রাতে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ মাঝি পাড়া মন্দির প্রাঙ্গনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির কেউ যদি চাঁদাবাজি, ধান্দাবাজি বা টেন্ডারবাজি করে তাকে সরাসরি পুলিশে ধরিয়ে দেবেন। দলকে কলঙ্কিত করার কোনো সুযোগ দেওয়া হবে না। আলফাডাঙ্গার মাটিতে দুর্নীতি ও মাদককে না বলতে হবে। বিএনপি ও ধানের শীষের নামে আমি বদনাম হতে দেব না।
নিজ নির্বাচনী আসনের ভোটারদের উদ্দেশে খন্দকার নাসিরুল বলেন, আমার মৃত্যু পর্যন্ত আমি আপনাদের পাশে আছি।রাজনীতিতে পা দেওয়ার পর থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। হয়তো সব কিছু করতে পারিনি, কিন্তু কাউকে ক্ষতি করিনি।নির্বাচনী জনপদে সব মসজিদ-মাদরাসা ও আলেম সমাজের পাশে ছিলাম।
তিনি বলেন, মন্দির, মসজিদ-মাদরাসা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে বেশি সহযোগিতা করি।
সকল ধর্মের লোক বিএনপির কাছে নিরাপদ, ধানের শীষের কাছে নিরাপদ।
বিএনপির এই নেতা বলেন, একা একা উন্নয়ন সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে। আলফাডাঙ্গা শিশুদের খেলাধুলার একটি সুন্দর মাঠের ব্যবস্থা করা হবে। যাতে ছোট ছোট শিশুরা খেলাধুলা করতে পারে এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা বিকাশ করতে পারে।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির,যুগ্ম সম্পাদক আহমেদ সিকদার, সাবেক যুগ্ম আহবায়ক পৌর বিএনপি কামরুল ইসলাম দাউদ প্রমূখ।