চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্র জানায়, জাহেদুল হকের বিরুদ্ধে জুলাই গণহত্যাসহ ঢাকা ও চট্টগ্রামে মোট ৫ টি মামলা রয়েছে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন এবং দলটির অর্থায়নের সঙ্গে জড়িত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জাহেদুল হকের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকায়। একটি সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে চোরাচালান, ব্যাংকের জমি দখলসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগও রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।