লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নাজিরগোমানী সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু চোরাচালানের অভিযোগে এক বিএনপি নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
আটক ব্যক্তি হলেন শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আব্দুল জলিল। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু পারাপারের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় সূত্র ও অভিযোগে জানা গেছে, আব্দুল জলিল দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় গরু চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। একটি সংঘবদ্ধ চোরাচালান চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলেও স্থানীয়দের অভিযোগ।
আটকের পর বিজিবি তাকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান,
“বিজিবি কর্তৃক আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে গরু চোরাচালানের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশ ও বিজিবির যৌথ নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।