পঞ্চগড়ের বোদা উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় এর মাঠে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫ ইং) দুপুরে গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি দলমত নির্বিশেষে সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বিএনপির মূল দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাবেক বিএনপি চেয়ারপার্সন মরহুমা খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজের শেষে বক্তব্য রাখেন বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আসাদুল্লাহ আসাদ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় সহ উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের জন্য তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক আপসহীন নেতৃত্বের প্রতীক।