নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বহিষ্কৃত যুবদল নেতাকে ঘিরে স্পোর্টিং ক্লাব উদ্বোধন, দুই দিন পর বিদ্যালয়ের পরীক্ষা—অভিভাবকদের ক্ষোভ

কাজিরহাট (মেহেন্দিগঞ্জ), বরিশাল প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
31.6kভিজিটর

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে শের-ই-বাংলা স্পোর্টিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানের ব্যানারে যুবদল থেকে বহিষ্কৃত নেতা কামাল হাওলাদারের নাম সভাপতির স্থানে থাকায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। একই সময়ে বিদ্যালয়ের পরীক্ষা ঘনিয়ে আসায় শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

শুক্রবার (২৭ নভেম্বর) কাজিরহাটে শের-ই-বাংলা স্পোর্টিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে বরিশাল জেলা যুবদল উত্তর-এর সাবেক আহ্বায়ক মো. সালাউদ্দিন পিপলুর নাম এবং সভাপতি হিসেবে কামাল হাওলাদারের নাম উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ নভেম্বর বরিশাল জেলা যুবদল উত্তর-এর প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কামাল হাওলাদারকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় ও প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা যুবদলের আহ্বায়ক মো. সালাউদ্দিন পিপলু এবং সদস্যসচিব গোলাম মোর্শেদ মাসুদ।

অন্যদিকে, শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। এমন সময়ে এলাকায় বিভিন্ন আয়োজনকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন অভিভাবকদের কেউ কেউ। তাঁদের মতে, পরীক্ষার আগে শিক্ষার্থীদের নির্বিঘ্নে প্রস্তুতি নেওয়ার সুযোগ নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে যাঁকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে, সেই নেতাকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে সাবেক দলীয় আহ্বায়কের উপস্থিতি বা সংশ্লিষ্টতার বিষয়টি কীভাবে ব্যাখ্যা করা হবে? এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও জানতে চান তাঁরা।

সচেতন মহল ও অভিভাবকদের প্রত্যাশা, রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের পরীক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x