নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

ব্রি’তে ফটোগ্রাফার থেকে পদোন্নতি বিতর্ক, পদোন্নতি প্রক্রিয়া স্থগিতের দাবি

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
110.1kভিজিটর

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুরে প্রশাসনিক কর্মকর্তা (গ্রেড–১০) পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ফিডার পদ হিসেবে “ফটোগ্রাফার” পদ সংযুক্ত করার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে গুরুতর প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক কাজের কোনো অভিজ্ঞতা ছাড়াই একটি অপ্রাসঙ্গিক পদকে ফিডার হিসেবে যুক্ত করার মাধ্যমে পদোন্নতির সুযোগ সৃষ্টি করা হয়েছে, যা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো ও পেশাগত মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

জানা গেছে, অতীতে প্রণীত একটি সংশোধনের মাধ্যমে ব্রি প্রবিধানমালায় প্রশাসনিক কর্মকর্তা (গ্রেড–১০) পদে পদোন্নতির জন্য ফিডার পদ হিসেবে “ফটোগ্রাফার” পদ সংযুক্ত করা হয়। তবে প্রশাসনিক কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় এমন একটি পদকে ফিডার হিসেবে অন্তর্ভুক্ত করার কোনো নজির দেশের অন্যান্য সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নেই বলে সংশ্লিষ্টদের দাবি।

সংশ্লিষ্ট মহলের মতে, প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতির জন্য ফিডার পদ হিসেবে এমন পদগুলোকে অন্তর্ভুক্ত করা উচিত, যেগুলো সরাসরি প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এবং যেখানে কর্মরত কর্মকর্তাদের প্রশাসনিক কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সে ক্ষেত্রে প্রশাসনিক শৃঙ্খলা, দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক পেশাগত মানদণ্ড আরও সুসংহত হবে।

এ প্রেক্ষিতে ব্রি প্রবিধানমালার সংশ্লিষ্ট ধারা পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনী আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতির ক্ষেত্রে ফিডার পদ হিসেবে “ফটোগ্রাফার” পদটি বাতিল করে প্রশাসনিক কাজে সম্পৃক্ত পদগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এদিকে সংশোধনী কার্যকর না হওয়া পর্যন্ত এ সংক্রান্ত পদোন্নতি প্রক্রিয়া স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে আগামীকালের নির্ধারিত সভায় “ফটোগ্রাফার” পদ থেকে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতির যে এজেন্ডা রয়েছে, তা বাতিল করার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ বিষয়ে দ্রুত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলে প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো আরও সুশৃঙ্খল ও পেশাগত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট ফটোগ্রাফার মোঃ মাসুম রানা বিগত সরকারের আমলে কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, যা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
মোঃ মাসুম রানা সংক্রান্ত অভিযোগ ও পদোন্নতি প্রদান বিষয়ে উদ্বেগ
এদিকে ফটোগ্রাফার মোঃ মাসুম রানা চাকরিতে যোগদানের সময় যে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র জমা দিয়েছিলেন, তা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে যে, উক্ত সনদপত্রের সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে এবং এ বিষয়ে ইতোমধ্যে কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে বিষয়টি এখনো আমলে নিয়ে কোনো তদন্ত কার্যক্রম শুরু করা হয়নি।

অন্যদিকে, এর আগে মহাপরিচালকের দপ্তরের সম্মুখে আরেকজনের সাথে মারামারির ঘটনায় তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হলেও সেই তদন্ত প্রতিবেদন এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। ফলে ঘটনাটির প্রকৃত সত্যতা এবং দায়িত্ব নির্ধারণের বিষয়টি আজও অনিষ্পন্ন রয়ে গেছে।

এছাড়া গত আগস্ট মাসের পর থেকে মহাপরিচালকের দপ্তরের সামনে বিভিন্ন সময়ে যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ও অস্থিরতা সৃষ্টি হয়েছে, তার সাথেও তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মপরিবেশকে বিঘ্নিত করেছে এবং প্রশাসনিক শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ করেছে।

এমন পরিস্থিতির মধ্যে বর্তমান মহাপরিচালক, যার চাকরির মেয়াদ আগামী এপ্রিলের ২ তারিখে শেষ হওয়ার কথা, তিনি তড়িঘড়ি করে উক্ত ব্যক্তিকে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেকের মতে, নিজের চাকরির মেয়াদ বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে উক্ত উশৃঙ্খল গোষ্ঠীর একজন সদস্য ফটোগ্রাফার মোঃ মাসুম রানাকে পদোন্নতি দেওয়ার মাধ্যমে পরিস্থিতিকে নিজের অনুকূলে আনার চেষ্টা করা হচ্ছে।

এমতাবস্থায় সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো যাচ্ছে যে, উল্লিখিত অভিযোগসমূহের বিষয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত উক্ত ব্যক্তিকে পদোন্নতি প্রদান থেকে বিরত থাকা উচিত। একটি জাতীয় গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানের প্রশাসনিক স্বচ্ছতা, শৃঙ্খলা ও সুনাম রক্ষার স্বার্থে বিষয়টি যথাযথ গুরুত্বসহকারে বিবেচনা করা অপরিহার্য।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x