চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।মাদক সেবন ও বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসেবীসহ বেশ কয়েকজন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। সোমবার(৯ মার্চ) বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বোয়ালখালীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।বাজার মনিটরিং অভিযানে বোয়ালখালীর চুড়াখালি ব্রিজ এলাকায় একটি মুদির দোকানের মালিককে বোতলজাত ভোজ্য তেলের পরিমান ৯০০ মিলি হিসেবে লেবেলকৃত থাকলেও প্রকৃত পরিমাণ প্রায় ৭০০ মিলি বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৬ ধারায় ১টি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
৪নং শাকপুরা ইউনিয়নের ননাইমার ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় অসংলগ্ন আচরণ করার অপরাধে ৩ জন জনকে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মোট ৩টি মামলা দায়ের করা হয়।ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩শ’ টাকা করে জরিমানা প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।