চট্টগ্রামের বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে ঘুমন্ত এক শারীরিক প্রতিবন্ধী যুবককে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১২ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম করলডেঙ্গা এলাকায় মো. ইউনুচের নির্মিত পাকা ঘরে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. ইকবাল (২৩)।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তদের একজন রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে ভেতর থেকে মূল দরজা খুলে দেয়। এ সময় ইকবাল ঘুম থেকে জেগে চিৎকার দিলে দুর্বৃত্তরা লোহার ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়।
পরে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমিরা ও আসবাবপত্র তল্লাশি চালিয়ে কাপড়চোপড়সহ বিভিন্ন জিনিস এলোমেলো করে ফেলে। এ সময় ইকবালের কাছে থাকা ১৫০ টাকা লুট করে নেয় দুর্বৃত্তরা।
আহত ইকবাল বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তিনি জানান, হামলাকারীরা যাওয়ার সময় চিকিৎসা খরচ দেওয়ার কথা বলে তার মোবাইল নম্বরও নেয় এবং জানায়—তারা জানতো না তিনি প্রতিবন্ধী।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।