আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে লালমনিরহাট-১ আসন (হাতীবান্ধা–পাটগ্রাম) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা শিহাব আহমেদ।রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তিনি হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মোট ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এর মধ্যে ৭ জন দলীয় প্রার্থী এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে শিহাব আহমেদ গত ১০ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিহাব আহমেদ বলেন,আমি বেকার যুবকদের জন্য কাজ করতে চাই। সংসদ সদস্য নির্বাচিত হলে চুরি করে খাব না, কাউকে চুরি করে খেতেও দেব না। আমি সবার জন্য কাজ করতে চাই। এমপি হলে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব।
তিনি আরও বলেন, নির্বাচনের মাঠে দুই উপজেলাতেই আমি ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণই আমার মূল শক্তি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
এ সময় তিনি অভিযোগ করেন, তার কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি ও চাপ দেওয়া হচ্ছে। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, এ পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এর মধ্যে ৭ জন দলীয় ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন হক জানান,এখন পর্যন্ত কেবল স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।