নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের, আহত ২

ছাইম খান গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
59.2kভিজিটর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় আল রাফি (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে একই মোটরসাইকেলে থাকা আরও দুই কিশোর। আহত দুজন মাদ্রাসায় পড়াশোনা করে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাফি কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা। সে দশম শ্রেণিতে পড়ত। তার বাবা আল আমিন। কয়েক দিন আগে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল সে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে একটি মোটরসাইকেলে করে তিনজন ওই সড়ক দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। পরে সেটি রাস্তার পাশে থাকা রেলিংয়ে গিয়ে ধাক্কা খেলে তিন আরোহীই গুরুতর আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনজনকেই গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আল রাফিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত দুই মাদ্রাসাছাত্রের শারীরিক অবস্থা বিবেচনায় তাদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেবে বলে জানা গেছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিনজনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। পরে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আল রাফির মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x