নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

হিজলায় হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে বালু উত্তোলন কোস্টগার্ডের অভিযানে ২১ জন গ্রেপ্তার, আটক ৬০ ড্রেজার

হিজলা প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
প্রতিকি ছবি
194.3kভিজিটর

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জারি করা স্থগিতাদেশ অমান্য করে হিজলা উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে ২০ থেকে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রায় ৬০টি ড্রেজার আটক করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দিনভর হিজলা উপজেলার সৈয়দখালী সাওড়া মৌজার মেঘনা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

হাইকোর্টের ২০২৫ সালের রিট পিটিশন নং ১৮৪৪৮ অনুযায়ী, হিজলা উপজেলার ৩৫ নং সৈয়দখালী সাওড়া মৌজার ৩৮৭৮ থেকে ৩৮৮১ নং প্লটে বালু উত্তোলনের ওপর স্থগিতাদেশ জারি রয়েছে। একই সঙ্গে হাইড্রোগ্রাফিক জরিপ সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই এলাকায় সব ধরনের বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে আদালতের আদেশ উপেক্ষা করে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র দিন-রাত বালু উত্তোলন চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন,
“কোস্টগার্ড সদস্যরা কিছুক্ষণ আগে থানায় এসেছেন। তাদের সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানাতে পারব।”

অভিযানস্থল পরিদর্শন শেষে হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল জানান,
“ঘটনাস্থল থেকে ২০ থেকে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ৬০টি ড্রেজার আটক করা হয়েছে। আমি নিজে কোনো দেশীয় অস্ত্র উদ্ধার করিনি, তবে কোস্টগার্ডের কাছ থেকে অস্ত্র উদ্ধারের তথ্য পেয়েছি। আটককৃত সকলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ড্রেজার ব্যবহার করে বিপুল পরিমাণ বালু উত্তোলন করা হতো। অভিযোগ রয়েছে, প্রতি ঘনফুট বালু বিক্রির মাধ্যমে প্রতিদিন কোটি টাকার অবৈধ লেনদেন চলত। পাশাপাশি বালু বহনকারী নৌযান থেকে নিয়মিত চাঁদা আদায় করা হতো বলেও দাবি স্থানীয়দের।
উল্লেখ্য, এর আগেও একই এলাকায় কোস্টগার্ডের একাধিক অভিযানে ড্রেজার, বাল্কহেড ও নগদ অর্থ জব্দ করা হলেও অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x