চট্টগ্রামের বোয়ালখালী শাকপুরা একটি বসতঘরের দরজা ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মো. জালাল উদ্দিন। তিনি উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের আমির হামজা সওদাগরের বাড়ির বাসিন্দা।
ভুক্তভোগী মো. জালাল উদ্দিন জানান, শুক্রবার সকাল ১১ টার দিকে তিনি ঘরের দরজায় তালা লাগিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে কধুরখীলে মেয়ের শ্বশুরবাড়িতে যান। পরে সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, বসতঘরের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের ভেতরে প্রবেশ করে দেখেন, আলমারির দরজা খোলা এবং বিভিন্ন মালামাল এলোমেলোভাবে পড়ে আছে।
পরে আলমারি ও ঘরের মালামাল যাচাই করে তিনি দেখতে পান, সেখানে রাখা আনুমানিক ৫ ভরি স্বর্ণালংকার, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা, এবং নগদ ৫০ হাজার টাকা নেই। ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোর বা চোরের দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এসব মালামাল নিয়ে গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং চুরির ঘটনায় জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।