


সুনামগঞ্জে নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে পরিচালিত সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) বাস্তবায়িত নাগরিকতা প্রকল্পের আওতায় দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় পরিচালিত সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।
“জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন: নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে সামাজিক নিরীক্ষা” শীর্ষক মতবিনিময় সভার আলোচনার ভিত্তিতে প্রণীত প্রতিবেদন ও সুপারিশমালা হস্তান্তর করেন ইরার প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামান ও ফিল্ড কো-অর্ডিনেটর ত্রিপ্তী দে।
উদ্যোগটির মূল লক্ষ্য হলো নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ-সুবিধা, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নাগরিকদের মতামত ও সুপারিশ তুলে ধরা। এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
ইরা মনে করে, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় পর্যায়ে সংলাপ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।