নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

চট্টগ্রামে ভাড়া নৈরাজ্য বন্ধের দাবি ক্যাব

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
29.6kভিজিটর

চট্টগ্রাম নগরের গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে বহদ্দারহাটে র‌্যালি ও অবস্থান কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বহদ্দারহাট চত্বরে ক্যাব চট্টগ্রাম নগর ও বিভাগ এবং যুব ক্যাব চট্টগ্রামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ক্যাবের সদস্য, শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবী ও সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ক্যাবের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, জ্বালানি তেল ও গ্যাস সংকটসহ বিভিন্ন অজুহাতে চট্টগ্রামের বিভিন্ন রুটে দীর্ঘদিন ধরে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ ধরনের ভাড়া নৈরাজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, জ্বালানি বা পরিচালন ব্যয় বাড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে হবে। ভাড়া নির্ধারণের পর পরিবহন মালিক বা শ্রমিকদের ইচ্ছেমতো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল।

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত তদারকি ও কার্যকর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, নির্ধারিত ভাড়া দৃশ্যমানভাবে প্রদর্শন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কার্যকর ব্যবস্থা থাকতে হবে।

এ সময় চট্টগ্রামে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু, গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং যাত্রীসেবা বাড়াতে বিআরটিসির আরও বাস নামানোর দাবি জানান তিনি।

যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় কর্মসূচিতে সমাজকর্মী ও ক্যাব সদস্য মিটুল দাস গুপ্ত, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, সাধারণ সম্পাদক ইসমাইল ফারুকী, পলিসি অ্যাডভোকেসি গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান মিটুসহ ক্যাব ও যুব ক্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x