নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
50.6kভিজিটর

এক-এগারো সরকারের আরেক কুশীলব ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১)  গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুরের ডিওএইচএস-এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  ডিবির দায়িত্বশীল একটি সূত্র গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করলেও কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। 

এর আগে এক-এগারো সরকারের দুই কুশীলব বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি। তারা এখন ডিবির কাছে রিমান্ডে রয়েছে। 

সূত্র বলছে, গ্রেফতার মো. আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক-এগারোর সরকারের সময় নির্যাতনের অন্যতম হোতা ছিলেন তিনি। যে স্থানে তারেক রহমানকে নির্যাতন করা হয় সেখানে সশরীর উপস্থিত ছিলেন ডিজিএফআই-এর এই আফজাল নাছের। জানা গেছে, ডিজিএফআই-এর এই সাবেক পরিচালক ও লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২০০৯ সালের ৫ নভেম্বর বরখাস্ত হন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি সেনাবাহিনীর চাকরিতে যোগদান করেন ১৯৮৪ সালের ৪ জুলাই।

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে এক-এগারো সরকারের সময় শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয় এবং সেসব ঘটনা জড়িত থাকার বিষয়ে বারবার সাবেক এই কর্মকর্তার নাম এসেছে। বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে হেনস্তা এবং জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভাইরাল হওয়া ভিডিও ধারণ ও ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর ওপর নির্যাতনেও জড়িত ছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x