হাতিবান্ধায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর উদ্যোগে জনসচেতনামূলক সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর আওতাধীন বড়খাতা বিওপি দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব সারডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।
সভায় অধিনায়ক বিজিবিকে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান দমনে স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। তিনি অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ রোধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে আলোচনা করেন এবং মাদক পরিবহন, সেবন ও মজুদের বিষয়ে বিজিবির জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
জনসচেতনামূলক সভা শেষে স্থানীয় গরীব, অসহায় ও দুস্থ ২০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ প্রায় তিনশত জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।