গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী (২৭) হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ শহরের কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে থেকে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল চলাকালে সাইফুল্লাহ বারী হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এর মধ্যে ছিল, সাইফুল্লাহ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, বিচার চাই, বিচার চাই, গুম-খুনের বিচার চাই, Justice, Justice, We Want Justiceসহ আরও বিভিন্ন স্লোগান।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রশিবিরের সভাপতি আসফারুল হক, সেক্রেটারি মিনহাজুল ইসলাম,, নওগাঁ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হকসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক সাকিব আল হাসান বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার জেরে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
জেলা ছাত্রশিবিরের সভাপতি আজফারুল হক বলেন, খুনের রাজনীতি পরিহার না করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। সাইফুল্লাহর ওপর হামলা কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। অনতিবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান ।