গোপালগঞ্জে গ্রিন ফোর্স দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং প্রশাসন ও সমাজের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে গোপালগঞ্জে অনুষ্ঠিত এক সেমিনারে।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে “দুর্নীতিকে না বলি” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। গ্রিন ফোর্স বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা কমিটি এ সেমিনারের আয়োজন করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রিন ফোর্স বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল হক বাবুল। তিনি বলেন, দুর্নীতি দেশের উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন করছে। ঘুষ, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দল-মত নির্বিশেষে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
সেমিনারে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, সরকারি অর্থের হিসাব জনগণের সামনে প্রকাশ, দুর্নীতিবাজদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে কার্যকর নজরদারি বাড়ানোর দাবি জানান।
এ ছাড়া তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করা, ঘুষ গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে কঠোর শাস্তির ব্যবস্থা, শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং প্রশ্নপত্র ফাঁস ও কোচিং-বাণিজ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্বাস্থ্য খাতে ই-টেন্ডারের যথাযথ প্রয়োগ, হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে শক্তিশালী নজরদারি এবং ভুয়া চিকিৎসক ও অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠে আসে সেমিনারে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গ্রিন ফোর্স বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মিকায়েল রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহ মো. ইকবাল হোসেন, কলেজের সাবেক উপাধ্যক্ষ সরদার নুরুল ইসলাম, টুঙ্গিপাড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাসুদ আহমেদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসভিএম অনুষদের ডিন ড. মাহবুব হাসান এবং গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার সাবিনা ইয়াছমিন।
সেমিনারে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও গ্রিন ফোর্স বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা।
বক্তারা আরো বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দায়িত্ব কোনো একক ব্যক্তি বা সংগঠনের নয়। রাষ্ট্র ও সমাজের সর্বস্তরের মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন হতে হবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোতে কার্যকর নজরদারি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।