নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

অফিস খোলা, কর্মকর্তা নেই দেরিতে অফিস করেন সহকারী ভূমি কর্মকর্তা

আরিফুজ্জামান চাকলাদার
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
79.0kভিজিটর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়ন ভূমি অফিসে সহকারী ভূমি কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের বিরুদ্ধে নিয়মিত অফিস ফাঁকির অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম উপেক্ষা করে দেরিতে অফিসে আসা এবং নানা অজুহাতে দায়িত্ব এড়িয়ে যাওয়ার অভিযোগ করছেন স্থানীয় ভুক্তভোগীরা।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে টগরবন্দ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, অফিস খোলা থাকলেও কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের কোনো উপস্থিতি নেই। অফিসের কয়েকটি কক্ষ খোলা থাকলেও কর্মকর্তার চেয়ার-টেবিল ফাঁকা পড়ে ছিল। ওই সময় অফিস সহায়ক বকতিয়ার শেখ ছাড়া অন্য কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি দেখা যায়নি।

সরকারি নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান মাসে সব সরকারি দপ্তরে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত অফিস করার কথা। তবে বাস্তবে সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

অপেক্ষা করতে করতে সকাল ১১টা ১৫ মিনিটের দিকে একটি ভ্যান থেকে নেমে অফিসে প্রবেশ করতে দেখা যায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. মনোয়ার হোসেনকে।

স্থানীয়দের অভিযোগ, গত ২৪ ডিসেম্বর ২০২৫ সালে যোগদানের পর থেকেই প্রায় প্রতিদিন সকাল ১১টার পর অফিসে আসেন তিনি। অনেক সময় উপজেলা বা জেলা অফিসে যাওয়ার অজুহাতে দিনের বেশিরভাগ সময়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। এতে জমি সংক্রান্ত সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন সংবাদটি প্রকাশ না করার জন্য অনুরোধ করেন এবং সাংবাদিকদের ‘ম্যানেজ’ করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “তাহলে আমাকে এখান থেকে বদলি করে দেওয়ার ব্যবস্থা করেন।”

এ ব্যাপারে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান বলেন, “সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময় অনুযায়ী অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের মাধ্যমে অভিযোগ পেলাম। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x