

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোরালিয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় থানায় সালিশ মীমাংসা প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই প্রতিপক্ষ বেড়ার নেট কেটে গাছের চারা উপড়ে ফেলে এবং বাধা দিলে ধারালো অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের বিষয়টি নিষ্পত্তির জন্য থানায় সালিশ চলছিল। কিন্তু প্রতিপক্ষ মোশারফ আকন, জব্বার আকন, বেলাল আকন, আজিজ আকন, খোকন আকন ও ইসমাইল আকনের নেতৃত্বে সংঘবদ্ধ দল সীমানার বেড়ার নেট কেটে বেশ কিছু গাছের চারা উপড়ে ফেলে।
এ সময় জয়নাল দেওয়ান, খলিল দেওয়ান ও নাঈম দেওয়ানসহ স্থানীয়রা বাধা দিতে গেলে তাদের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অর্তকিত হামলা চালানো হয়। এতে প্রতিপক্ষের পাঁচজন গুরুতর জখম হন। হামলাকারীরা পরিকল্পিতভাবে হত্যাচেষ্টা চালিয়েছে বলে আহত ও তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে জড়িত দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক আইনানুগ শাস্তির জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2026 wsbnews24.com. All rights reserved.