
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও জিরা জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানের অংশ হিসেবে পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারীরা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে-এমন তথ্য পায় বিজিবি। এরই প্রেক্ষিতে ০৬ মার্চ ২০২৬ তারিখ দুপুর ১২টা ৩০ মিনিটে শিংঝাড় বিওপির আওতাধীন পশ্চিম শিংঝাড় এলাকায় এবং দুপুর ১২টা ৫০ মিনিটে রামখানা বিওপির আওতাধীন খড়েরমাঠ এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে টহল দলের সদস্যরা সন্দেহজনক কয়েকজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করলে তাদের ধাওয়া করে। এসময় চোরাকারবারীরা তাদের বহনকৃত মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় জিরা ৮০ কেজি, ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ৮০টি এবং প্যান্ট পিস ৪৮টি জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, জব্দকৃত মালামালের মধ্যে ভারতীয় জিরা ৮০ কেজির সিজার মূল্য ৮০ হাজার টাকা, স্বর্ণকাতান শাড়ি ৮০টির সিজার মূল্য ৮ লাখ টাকা এবং প্যান্ট পিস ৪৮টির সিজার মূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ১৪ লাখ ৫৬ হাজার টাকা।
এ ঘটনায় চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তথ্য সংগ্রহের কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2026 wsbnews24.com. All rights reserved.