নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

ভোগান্তির চরম সীমায় বরিশাল সিটির ২৯ নং ওয়ার্ডের ভূঁইয়া সড়কের বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
62.2kভিজিটর

খানখন্দে ভরা গুরুত্বপূর্ণ ‘ভূঁইয়া সড়ক’, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই তৈরি হয় কৃত্রিম বন্যা।বরিশাল সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম শাখা সড়ক ‘ভূঁইয়া সড়ক’ (কাশীপুর) এখন এলাকাবাসীর জন্য এক চরম দুর্ভোগের নাম। দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা এই সড়কটি বর্তমানে সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ আর গভীর গর্তের। ফলে সামান্য বৃষ্টি হলেই পুরো সড়কটি ড্রেনের নোংরা জল আর কাদাপানিতে তলিয়ে গিয়ে এক ভূতুড়ে রূপ ধারণ করে।

একাধিক হাউজিং ও অগণিত মানুষের যাতায়াত,সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূঁইয়া সড়কটি অত্র এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক। এই সড়কের আশপাশে গড়ে উঠেছে একাধিক আবাসিক এলাকা (হাউজিং) এবং এখানে কয়েক হাজার পরিবারের বসবাস। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকুরিজীবী, ব্যবসায়ী এবং বয়োবৃদ্ধসহ অগণিত মানুষকে এই পথ দিয়েই যাতায়াত করতে হয়। কিন্তু সড়কটির বর্তমান বেহাল দশার কারণে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলার উপায়ও আর অবশিষ্ট নেই।

ড্রেনেজ সংকট ও কৃত্রিম বন্যা, এলাকাবাসীর প্রধান অভিযোগ, এই এলাকায় কোনো পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে বর্ষা মৌসুম তো দূর, সামান্য একটু বৃষ্টি হলেই চারপাশের পানি উপচে সড়কে এসে জমে। বৃষ্টির পর কয়েকদিন পর্যন্ত সড়কটি নোংরা ও কর্দমাক্ত পানির নিচে ডুবে থাকে। ছবিতে দেখা যাচ্ছে, পথচারীরা লুঙ্গি উঁচিয়ে, ছাতা মাথায় দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে নোংরা পানি ও কাদা মাড়িয়ে চলাচল করছেন। রিকশা কিংবা ইজিবাইক চালকরা এই সড়কে আসতে চান না, আর আসলেও প্রায়ই গর্তে পড়ে উল্টে গিয়ে ঘটছে মারাত্মক দুর্ঘটনা।

সিটি কর্পোরেশনের উদাসীনতা ও ক্ষোভ,স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করে জানান, সড়কটি দ্রুত সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থা চালুর দাবি জানিয়ে গত কয়েক বছরে একাধিকবার বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে লিখিত চিঠি দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান বা কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। কর্তৃপক্ষের এই রহস্যজনক উদাসীনতায় ক্ষুব্ধ ও হতাশ এলাকাবাসী।

দ্রুত প্রতিকার চান ভুক্তভোগীরা,বর্ষা মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই যদি এই ‘ভূঁইয়া সড়ক’ পুনর্নির্মাণ এবং একটি সুপরিকল্পিত ড্রেন তৈরি করা না হয়, তবে এই এলাকার জনজীবন সম্পূর্ণ অচল হয়ে পড়বে। ২৯ নং ওয়ার্ডের হাজার হাজার ভুক্তভোগী মানুষের একটাই দাবি,জনস্বার্থের কথা বিবেচনা করে বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অনতিবিলম্বে এই সড়কটির সংস্কার কাজে হাত দেন।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x