
নওগাঁর রাণীনগরে ৭ বছরের এক শিশুকে ফুসলিয়ে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করেছে স্থানীয় রাণীনগর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে উপজেলার লোহাচূড়া গ্রামে।
গ্রেপ্তারকৃত দুই কিশোর হলেন, উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে ইসতিয়াক (১৫) ও সিদ্দিকের ছেলে মারুফ (১৬)।
পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি বিকেলে নিজ বাড়ির আশেপাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী দুই কিশোর তাকে মোবাইলে কার্টুন দেখার প্রলোভন দেখিয়ে কৌশলে একটি ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে একটি ঘরের ভেতর দুই কিশোর পালাক্রমে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। এদিকে শিশুটিকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে অভিযুক্ত কিশোররা শিশুটিকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন ও স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে বুধবার গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রাণীনগর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, ঘটনার পর শিশুটির মা থানায় মামলা দায়ের করেন।
অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযান পরিচালনা করে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে প্রেরণ করা হবে।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2026 wsbnews24.com. All rights reserved.