গ্রীন ফোর্স বাংলাদেশ, নওগাঁ জেলা শাখার উদ্যোগে নওগাঁ আস্তান মোল্লা কলেজ অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ৪১ সদস্যবিশিষ্ট ইয়ুথ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) তীব্র শীত উপেক্ষা করে শতাধিক শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করেন। পরিবেশ সচেতনতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে এই ইয়ুথ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ফোর্স বাংলাদেশ, নওগাঁ জেলা শাখার সভাপতি জনাব এস. এম. মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জনাব মো. আলমগীর হোসেন এবং সহ-সভাপতি জনাব মো. মোতাহার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ আইন কলেজের প্রভাষক জনাব জুই খাতুন চিনি।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ৪১ সদস্যবিশিষ্ট ইয়ুথ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো. সাদিব বাবু, সাধারণ সম্পাদক মো. সনি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান বিশাল মণ্ডল।
বক্তারা বলেন, যুব সমাজকে পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নের কাজে সম্পৃক্ত করতে গ্রিন ফোর্স বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নবগঠিত ইয়ুথ কমিটি আগামীতেও পরিবেশ সুরক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।